সাভারের আশুলিয়ায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আশুলিয়ার উত্তর গাজীরচট, চারাবাগ উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার সদর থানার পাতুলীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মুহাম্মদ জহুরুল ইসলাম ওরফে রনি (৪৫), বগুড়া জেলার ধুনট থানার বুড়িয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. লিওন আলী (২৮), গাইবান্ধা জেলার সাঘাটা থানার জালাল তাহির গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. লাভলু (৫০), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভিহালী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২৫) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার গোমাইল গ্রামের মো. শফিজ উদ্দিনের ছেলে মো. আতিকুর রহমান (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামিমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আশুলিয়া থানা এলাকা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এবং অপরাধ নির্মূলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ওএফ/এসআর