📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম  (ভিজিটর : )
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

লাইনচ্যুত ট্রেন উদ্ধার এবং রেললাইন পরিদর্শন শেষে বুধবার দুপুরের পর থেকে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি উদ্ধারে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত হয়ে আটকা পড়ায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। পরে রিলিফ ট্রেনের একটি অংশ ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করা সম্ভব হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চলাচল স্বাভাবিক হওয়ার পর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এ রুট দিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে তিস্তা এক্সপ্রেসও এ পথে চলাচল করছে।

তিনি আরও বলেন, উদ্ধারকাজ সম্পন্ন এবং রেললাইন নিরাপদ ঘোষণা করার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

এসএস/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝