দেশের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে “স্পোর্টস এক্সারসাইজ মেডিসিন রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়াব্যবস্থা শুধু প্রতিযোগিতা ও পারফরম্যান্সের মধ্যেই সীমাবদ্ধ নয়; খেলোয়াড়দের স্বাস্থ্য, ফিটনেস, ইনজুরি ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, খেলাধুলার সঙ্গে জড়িত কোচ, ফিজিওথেরাপিস্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। একজন খেলোয়াড়ের ক্যারিয়ার রক্ষায় সময়োপযোগী চিকিৎসা, সঠিক পুনর্বাসন এবং জরুরি সেবার ভূমিকা অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ক্রীড়াবিদদের জন্য বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি উন্নত চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সরকার ক্রীড়া খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশ, তাদের স্বাস্থ্যসুরক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে আরও দক্ষ ও আধুনিক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
সংশ্লিষ্টদের মতে, খেলোয়াড়দের ইনজুরি প্রতিরোধ, দ্রুত পুনর্বাসন এবং জরুরি চিকিৎসা সহায়তা প্রদানে দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের ক্রীড়া উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রেও এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
এআই/আরএন