📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৬ পিএম  (ভিজিটর : )

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৯ ঘণ্টা উদ্ধার ও মেরামত কাজ শেষে বিকেল ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর খুলনা ও পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে উদ্ধার ও মেরামত কাজ চালানোর পর লাইন সচল করা সম্ভব হয়। ফলে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।

সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের নিকট পৌঁছালে পেছনের তিনটি ট্যাংকারের নয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, খুলনা থেকে একটি এবং পাকশি থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হলে বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এসএমআরইউ/এসআর 
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝