📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীমঙ্গলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৪৪ পিএম  (ভিজিটর : )

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২০) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যান চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত লোকমান মিয়া পিকআপভ্যানের চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায়।

এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, নিহত পিকআপচালকের মরদেহ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আরএ/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝