📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জামালপুরে ১০ দিন ধরে জলাবদ্ধতা, প্রতিবাদে ট্রেন অবরোধ করল এলাকাবাসী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:২৯ পিএম  (ভিজিটর : )

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় টানা ১০-১২ দিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

জলাবদ্ধতা নিরসনের দাবিতে রোববার (৩ মে) দুপুরে এলাকাবাসী রেলপথ অবরোধ করেন।

দুপুর সোয়া ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত শেখেরভিটা রেলক্রসিংয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে থাকে। একই সময় জামালপুর-মাদারগঞ্জ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এতে ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অসুস্থ ও নারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, ইতোমধ্যে কয়েকজন সাপের কামড়ের শিকার হয়েছেন। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

বাধ্য হয়েই তারা রেলপথ অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করেন বলে জানান এলাকাবাসী।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পৌর কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রেন ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
জেডজেড/এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝