📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিটর : )

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজসংলগ্ন একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় স্থানীয়রা অভিযুক্ত রফিকুল ইসলাম সুমন (৩০)-কে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আটক রফিকুল ইসলাম সুমন উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনুছ আকনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইকিং করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা প্রচার করা হতো। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ‘কার্ড করার’ নামে টাকা সংগ্রহ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি মানুষের সাহায্যে জীবন চালাই। এখন আমার টাকাটা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।”

আটকের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা পাথরঘাটা থানার সামনে ভিড় জমায়। তারা দ্রুত টাকা ফেরত এবং জড়িতদের শাস্তির দাবি জানান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। তিনি বলেন, “আটক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। বিষয়টি তদন্ত করে যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এমএইচ/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝