📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোপালগঞ্জে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম  (ভিজিটর : )

গোপালগঞ্জে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন। এ সময় তারা বাংলা ভাষার সর্বস্তরে প্রচলনের দাবি জানান।

দিবসের প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। অন্যদিকে, টুঙ্গিপাড়ার শহীদ মিনারে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এরপর জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত, এলজিইডি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনার চত্বরে শিশু, নারী ও পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ ভীড় জমায়। এসময় তারা ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাংলা ভাষা সর্বস্তরে প্রচলনের দাবি জানান।

খুব ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন অফিস ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ও ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের পাদদেশ।

সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া, দিনটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে।

এমএইচ/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝