📍 ঢাকা 📅 শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : )

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ ইন’ ইস্যুর সমাধানে দুই দেশের মধ্যে গঠনমূলক সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে, এ ধরনের বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।

নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-ভারত সীমান্ত প্রসঙ্গে আবারও বলছি, আন্তর্জাতিক মনোযোগ এখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, লেবানন, দক্ষিণ সুদান এবং হাইতির দিকে। কিন্তু বাংলাদেশ ও ভারতের সীমান্তে শত শত শিশু ও নারীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে। নারীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব এই বিষয়টিকে কীভাবে দেখছেন?

জবাবে জাতিসংঘ মহসচিবের মুখপাত্র বলেন, ‘দেখুন, আমি মনে করি বিষয়টি দুই দেশের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত এবং এতে মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান থাকতে হবে।’

দ্বিতীয় আরেকটি প্রশ্নে ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের (জিএ) নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন। আর কয়েক মাস পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন। অন্যদিকে মহাসচিব এর আগে শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলে এখন কি আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী হতে পারি?

জবাবে ডুজারিক বলেন, ‘সাধারণ পরিষদের সভাপতির ভূমিকা হলো সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করা। তাই মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যে যোগাযোগ হবে, তা সাধারণ পরিষদ-সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই হবে। আর রোহিঙ্গাবিষয়ক কাজ চলতে থাকবে।’

এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝