📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
অর্থ ও বাণিজ্য
আগের দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:৪২ পিএম  (ভিজিটর : )

রাজধানীর বাজারে ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। মৌসুম না হওয়ায় বাজারে সবচেয়ে বেশি দামের সবজি তালিকায় রয়েছে টমেটো, যা প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলো আগের সপ্তাহের মতোই ৫০ থেকে ৮০ টাকার মধ্যে চলছে।

রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা ও ঝিঙা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা, জালি প্রতি পিস ৬০ থেকে টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

মালিবাগ বাজারে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, 'বাজেটের পরের দিন বাজারে এলাম। সব ধরনের সবজির দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েওনি আবার কমেওনি। ‌সব ধরনের সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে দুই একটি সবজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।'

রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলি বলেন, 'চলতি মাসের শুরুতে সবজির দাম যেমন বাড়তি ছিল সেই তুলনায় বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে বেশির ভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না হওয়ায় টমেটো প্রতি কেজি ১২০ টাকায়, শসা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দাম বলতে গেলে আগের চেয়ে কম রয়েছে। মোটামুটি এক সপ্তাহ ধরে সবজির বাজার ৫০ থেকে ৮০ টাকার ঘরে।'

এমএ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝