📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
খেলাধুলা
যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা দল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:২১ পিএম  (ভিজিটর : )

বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেল আর্জেন্টিনা দল। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মিসৌরিতে তাদের বিমান অবতরণ করে।

১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এয়ারোলাইনিয়াস আর্জেন্টিনাস চার্টার বিমানের ফ্লাইট নম্বর ছিল ১৯৭৮। ৪৮ বছর আগে বুয়েন্স আয়ার্সে রিভার প্লেটে ৭১ হাজারের বেশি দর্শকের সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে আর্জেন্টিনা।

বিশ্ব চ্যাম্পিয়নদের বহন করা এয়ারবাস এ৩৩০ বিমানটি সেজেছিল বিশ্বকাপের আমেজে। জাতীয় দলের প্রতীকী নীল ও সাদা ডোরাকাটার মাঝে বিমানের লেজে লিওনেল মেসির ১০ নম্বরটি ফুটিয়ে তোলা হয়েছে এবং তিনটি সোনালি তারকা তাদের তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতিনিধিত্ব করছিল।

কানসাস সিটিতে ঘাঁটি গড়বে চার দল। সবার আগে পৌঁছে গেল আর্জেন্টিনা। এই সপ্তাহেই লরেন্সের নিকটবর্তী ইউনিভার্সিটি অব কানসাসে পা রাখবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া।

এই চার্টার বিমানে করে আর্জেন্টিনার স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড় এসেছেন। নিজ নিজ ক্লাবের খেলা শেষে আসবেন আরও কয়েকজন। বিমান থেকে নেমে খেলোয়াড় ও স্টাফরা হেঁটে টার্মাক পেরিয়ে হোটেলে যাওয়ার জন্য অপেক্ষারত চার্টার বাসে চড়েন।

কানসাস সিটির অরিজিন হোটেলে থাকবেন মেসি ও তার দল। এই দিনেই হোটেল জিমে হালকা ঘাম ঝরাবে দলের সদস্যরা। বাকিরা যোগ দিলেই পুরোদমে ট্রেনিং শুরু হবে সোমবার থেকে। এমএলএস ক্লাব স্পোর্টিং কানসাসের হোম গ্রাউন্ড কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফর্ম্যান্স সেন্টারে চলবে তাদের অনুশীলন।

টেক্সাসের কাইল ফিল্ডে আগামী শনিবার হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ২২ জুন রাত ১১টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ ২৮ জুন সকাল ৮টায়।

এমএ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝