📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
বিজ্ঞান ও প্রযুক্তি
হাবিপ্রবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ: মামলা, গ্রেপ্তার ৪
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:০৫ পিএম  (ভিজিটর : )

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি (২৬), রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা (২৫), ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শামস (২৮) এবং অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ (২৩)।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন— পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, অ্যাকাউন্টিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসরিফ ইসলাম প্রান্তিক, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয়, আসিফ হোসেন কাফি, মো. সোহেল রানা, শাকির মাহমুদ এবং সামিউল ইসলাম শামস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে ভাঙচুর চালায়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে।

সংঘর্ষে সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। এছাড়া শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এএইচএম/এসআর

সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝