📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
কৃষকের উন্নয়নেই শক্তিশালী হবে দেশের অর্থনীতি: তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৩১ পিএম  (ভিজিটর : )

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। সেচব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘খাল পুনঃখননের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। কৃষকরা স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিও ধীরে ধীরে আরও শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। সময়মতো সেচ নিশ্চিত করা গেলে কৃষিতে ভালো ফলন সম্ভব। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে খাদ্যের জন্য কাউকে কষ্ট করতে না হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। এ কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন। সন্তানদের যত্ন ও স্বাস্থ্যসেবায় এই অর্থ ব্যয় করা যাবে।’

অন্তর্বর্তী সরকারের বাজেট থেকেই এ কর্মসূচি চালু করা হয়েছে এবং আগামী বাজেটে এর পরিমাণ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের শিক্ষার উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি জানান, বিএনপি সরকার স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে।

সমাবেশে বিএনপি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশেও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে দেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়াসহ আরও অনেকে। 

এসআর
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝