📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পতিত সরকারের সময়ে নারী-সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে: অর্থ উপদেষ্টা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৩০ পিএম আপডেট: ১৫.০৫.২০২৬ ৭:৩৩ পিএম  (ভিজিটর : )

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর বলেছেন, নির্বাচনী ইশতেহারে পাঁচটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি রাষ্ট্রব্যবস্থা সংস্কার। অর্থাৎ আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকুক এবং জনগণের অধিকার নিশ্চিত করা হোক। কারণ আগে যে পতিত সরকার ছিল, তার না ছিল বৈধতা, না ছিল আইনি কাঠামো। যার ফলে তারা লুটপাট চালিয়েছে। জনকল্যাণে কোনো কাজ হয়নি। জনকল্যাণের নামে যেগুলো করা হয়েছে, তা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

দ্বিতীয় বিষয়টি হলো বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। কারণ আমরা অনুসন্ধান করেছি, ভবন নির্মাণের মাধ্যমে যেভাবে লুটপাট করা হয়েছে, ঠিক একই কায়দায় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল ও বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। কিন্তু বেকারত্বের যে অভিশাপ পতিত সরকার রেখে গেছে, তা আপনারা প্রতিটি পরিবারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, কিন্তু কোনো চিকিৎসা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই। যন্ত্র আছে, কিন্তু তা চালানোর মেকানিক নেই। আমরা চাই বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হোক, নাগরিকরা সুস্বাস্থ্য লাভ করুক। আমরা চাই নারীর উন্নয়ন হোক। নারীর উন্নয়ন একটি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ পরিমাপক।

আপনারা কি লক্ষ্য করেছেন, তাদের (পতিত সরকারের) সময়ে নারীর প্রতি কী পরিমাণ সহিংসতা হয়েছে? কী পরিমাণ জুলুম হয়েছে? বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে পরিমাণ অত্যাচার ও নির্যাতন হয়েছে, তা বর্ণনাতীত। আমরা দেখতে চাই, বাংলাদেশের সবার সমান অধিকার থাকবে। কেউ সংখ্যালঘু নয়, সবাই রাষ্ট্রের নাগরিক।

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং খুলনা জেলার দাকোপ উপজেলার কৃষক নিমাই কুমার রায়সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এই সেমিনারের আয়োজন করে।

এমএইচ/আরএন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝