📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজধানীতে র‌্যাবের পোশাকে ডাকাতি: দশমিনা থেকে গ্রেফতার ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৫৫ পিএম  (ভিজিটর : )

রাজধানীর তুরাগ থানা এলাকায় র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দশমিনা থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার সদর ইউনিয়নের গোপালদী নিজাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. রাসেল (৩৮)। তিনি উপজেলার গোপালদী নিজাবাদ গ্রামের নুর ইসলাম মাতবরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল চকবাজারের শেখ হায়দার বঙ্গ লেন এলাকার বাসিন্দা ও কসমেটিকস ব্যবসায়ী সালমান মাহবুব জয় (৪০) প্রায় ৩২ লাখ টাকা ও ৮ লাখ ৭৯ হাজার থাই বাথ নিয়ে উত্তরার আজমপুরে একটি মানি এক্সচেঞ্জে যাচ্ছিলেন। মতিঝিল থেকে মেট্রোরেলে উত্তরা উত্তর স্টেশনে পৌঁছে তিনি একটি শেয়ারিং অটোরিকশায় ওঠেন।

বিকেল পৌনে ৩টার দিকে তুরাগ থানার উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে র‌্যাবের পোশাক পরিহিত ৭ জন ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে অটোরিকশাটি থামায়। তারা ব্যবসায়ী জয়ের ব্যাগ তল্লাশির কথা বললে তিনি ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আটক করে মারধর করা হয় এবং জোরপূর্বক একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, গাড়ির ভেতরে তাকে মারধর করে হাতে হ্যান্ডকাফ পরানো হয় এবং চোখ বেঁধে ফেলা হয়। পরে তার কাছ থেকে নগদ টাকা, থাই বাথ ও একটি আইফোন ১৩ প্রো ছিনিয়ে নেওয়া হয়। এরপর পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেয়। আহত অবস্থায় তিনি প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পরদিন ২৬ এপ্রিল ভুক্তভোগী সালমান মাহবুব জয় বাদী হয়ে তুরাগ থানায় সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ, প্রতারণামূলকভাবে সরকারি পোশাক ও প্রতীক ব্যবহার এবং ডাকাতির অভিযোগে অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ডিএমপির অনুরোধে যৌথ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলার তদন্তভার বর্তমানে ডিবির কাছে রয়েছে। তিনি জানান, ডিবি পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে।

এসটি/ এসআর


সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝