জামায়াত সংশ্লিষ্টতা ও অনিয়মের অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে ভিসি কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল।
মঙ্গলবার সকালে ভিসি ড. আতিয়ার রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয়কে জামায়াতীকরণ ও আওয়ামী লীগের পুনর্বাসন করছেন।
তারা আরও বলেন, ভিসি বিভিন্ন সময় জামায়াত ও শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। যোগ্যদের বাদ দিয়ে শিবিরের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগ ও পদায়নে জামায়াত-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগসহ আর্থিক অনিয়মের সঙ্গেও তিনি জড়িত—এমন অভিযোগ করেন নেতারা।
এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভিসির পদত্যাগের দাবি জানানো হয়; অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে ভিসি কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মিনিট সময় বেঁধে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয় এবং ভিসি কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, সদস্য সচিব জিশান আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/আরএন