📍 ঢাকা 📅 বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম  (ভিজিটর : )

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তেলের দাম আইএমএফের বৈঠকের আগেই বাড়ানো হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি পরিষ্কার ভাষায় বলছি, আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। বরং দামও খুব বেশি বাড়ানো হয়নি। আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, অনেকেই সরকারকে তেলের দাম বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তাদের মতে, দাম না বাড়ালে সরকারি তহবিল সংকটে পড়বে এবং দেশ পরিচালনা কঠিন হয়ে উঠবে।
অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ, যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।’

তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগণ্য বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এটা বাড়াতে হয়েছে শুধু আমাদের তহবিলের ওপর এত চাপ আসছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে।’

এসআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝